প্রতিবেশী দুই ভাইয়ের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে আক্রান্ত বৃদ্ধা মা - The News Lion

প্রতিবেশী দুই ভাইয়ের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে আক্রান্ত বৃদ্ধা মা

 


দি নিউজ লায়ন;  গতকাল গভীর রাতে বাঁকুড়া সদর থানার মৌলাডাঙ্গা গ্রামে প্রতিবেশী দুই ভাইয়ের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে আক্রান্ত হয়েছেন বৃদ্ধা মা। খবর পেতেই বৃদ্ধার ছেলে ঘটনাস্থলে পৌঁছে ভোজালির  আঘাতে খুন করল এক ভাইকে। এই ঘটনায় সকাল থেকেই উত্তপ্ত গোটা এলাকা। অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে  মৌলাডাঙ্গা গ্রামের বাসিন্দা সুপ্রিয় চট্টরাজ ও শুভঙ্কর চট্টরাজ এই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাধে।


 দুই ভাই এর মধ্যে চেঁচামেচি চলাকালীন অন্যান্য প্রতিবেশীর পাশাপাশি স্থানীয় নমিতা চট্টরাজ দুই ভাইকে ঝগড়া থেকে বিরত করা চেষ্টা করেন। অভিযোগ এই সময় দুই ভাইয়ের হাতে থাকা লাঠির হালকা আঘাত লাগে নমিতা চট্টরাজ নামের ওই বৃদ্ধার হাতে। বিষয়টি জানার পরই উত্তেজিত হয়ে পড়ে নমিতা চট্টরাজের ছেলে দেবাংশু চট্টরাজ। অভিযোগ দেবাংশু চটরাজ বাড়ি থেকে ভোজালি নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে সুপ্রিয় চট্টরাজের বুক ও পিঠে একের পর এক ভোজালির কোপ মারতে শুরু করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বছর আঠাশের সুপ্রিয় চট্টরাজ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরই এলাকার বাসিন্দারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে বাঁকুড়া সদর থানার পুলিশ মূল অভিযুক্ত দেবাংশুকে গ্রেফতার করে। 


জিজ্ঞাসাবাদের মুখে দেবাংশু সুপ্রিয়কে খুনের কথা স্বীকার করে বলেও দাবি করেছে পুলিশ। পুলিশ সুপ্রিয় চট্টরাজের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। এলাকায় পৌঁছে ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশ রক্তের নমুনা সংগ্রহ করে। মৃত সুপ্রিয় চট্টরাজের কাকা সুতনু চট্টরাজ ও স্বরুপ চট্টরাজ বলেন,  অভিযুক্ত দেবাংশু চট্টরাজ বিভিন্ন ধরনের নেশা করত। তার মানসিকতা ও আচরণ দাগী অপরাধীদের মতো। তাই তার ফাঁসি চাই। ছেলের কীর্তির কথা স্বীকার করতে চাননি অভিযুক্ত দেবাংশু চট্টরাজের মা নমিতা চট্টরাজ। তাঁর দাবি, লাঠিতে আমার হাতে আঘাত লাগার পরই আমি বাড়ি চলে আসি। তারপর কি হয়েছে আমার জানা নেই।  বাঁকুড়া জেলা পুলিশের ডিএসপি ( আইনশৃঙ্খলা)  বিশ্বজিৎ নস্কর বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.